মৌলভীবাজারে রবীন্দ্রস্মরণানুষ্ঠান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:০৩
মৌলভীবাজার জেলা প্রতিনিধি জেলার শ্রীমঙ্গলে সংগীত, নৃত্য, আবৃত্তি ও রবীন্দ্রালোচনার মধ্যদিয়ে রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান আনন্দলোকের উদ্যোগে পালিত হলো রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। গত ১৭ সেপ্টেম্বর রাতে জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এ রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি ও রবীন্দ্রগবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ সভাপতিত্বে বক্তব্য দেন বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী এবং আনন্দলোকের পরিচালক রানা সিনহা, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, ঠাকুর সেন্টার সিলেটের পরিচালক ও রবীন্দ্রগবেষক মিহির চৌধুরী এবং জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শ্রীমঙ্গল শাখার সমপাদক দেবাশীষ চৌধুরী। আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ছিল কণ্ঠধ্বনি আবৃত্তি চক্র এবং নৃত্যাঙ্গন। আনন্দলোকের রবীন্দ্রসংগীত পরিচালনায় রানা সিনহা, আবৃত্তি পরিচালনায় কণ্ঠধ্বনি আবৃত্তিচক্রের পরিচালক বিশ্বজিত্ ভট্টাচার্য বাপন এবং নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্যাঙ্গানের পরিচালক সাজু দেব। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে ১৪ জন শিক্ষার্থী এবং নৃত্য পরিবেশন করে ২০ জন শিক্ষার্থী। এ অনুষ্ঠানে আনন্দলোক শ্রীমঙ্গল শাখার ১৪ জন শিক্ষার্থী এবং আনন্দলোক সিলেট শাখার ৮ জন শিক্ষার্থী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হিমেল বিশ্বজিত ও শমপা দাশ। জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।