ডিআইইউতে ৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:০৮
লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অবদান রাখতে তথ্যপ্রযুক্তির ধারার সাথে শিক্ষার্থীদের যুগোপযোগী করে তুলতে ও প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর শিক্ষার্থীদের মাঝে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বিনামূল্যে ৫০০ ল্যাপটপ বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন ডিআইইউ বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান মো. সবুর খান। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যযোগাযোগ প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এসএম মাহাবুবুল হক মজুমদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফখরে হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গোলাম মওলা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে পাঁচশ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মো. সবুর খান তার বক্তব্যে বলেন, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীরা যাতে সফল ক্যারিয়ার গঠনে চাকরির বাজারের জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারে, সেজন্য সব ধরনের সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে এবং আজকের এ ল্যাপটপ প্রদান তারই ধারাবাহিকতা।’ তিনি ল্যাপটপ ব্যবহার করে নিজেদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও বলেন, ‘এই তথ্যপ্রযুক্তির যুগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ প্রজেক্টি চালু করা হয়েছে।’ শিক্ষার্থীরা যেন ল্যাপটপের অপব্যবহার না করে, সেজন্য শিক্ষার্থীদের তিনি অনুরোধ করেন। তিনি শিক্ষার্থীদের এই ল্যাপটপের মাধমে শিক্ষার পাশাপাশি ফোরাম, ব্লগ, ওয়েবসাইটসহ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত সুবিধাদির সর্বোত্তম ব্যাহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।