আসিফ আকবরের মাতৃবিয়োগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৫
এ দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের মা আর নেই। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গতকাল সকাল ৮টা ৩০ মিনিটে ধানমন্ডির মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। জানা যায়, নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিত্সা চলে। পরবর্তীতে গত ১ সেপ্টেম্বর তাকে মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বক্ষব্যাধি বিশেষজ্ঞ তার চিকিত্সা করছিলেন। কিন্তু, গতকাল সকালে হঠাত্ করে কার্ডিয়াক অ্যাটাক হওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তাকে গতকালই কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানান আসিফ। মায়ের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছেন জনপ্রিয় এই তারকা।