পেশাগতভাবে তারা কেউ নৃত্য শিল্পী নয়। পেশা তাদের গান গাওয়া। দিনরাত তাদের যত ভাবনা গান নিয়েই। শিল্পী পরিচয় ছাপিয়ে এবার তারা নৃত্যশিল্পী হিসেবে ‘ড্যান্স ড্যান্স’ নামে আরটিভির ঈদের অনুষ্ঠানে এক মঞ্চে নাচলেন। আর এই অনুষ্ঠানে পারফর্ম করলেন হালের রিয়েলিটি শো বিজয়ী গায়িকা কর্নিয়া। আরও পারফর্ম করেছেন জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর, পুতুল, মিমি ও পড়শী। অনেকে এর আগে একাধিকবার নিজের গানের স্টেজ পারফর্মেন্স করলেও প্রথমবারের মতো এভাবে নৃত্যশিল্পী হিসেবে নেচেছেন এ অনুষ্ঠানে। ‘ড্যান্স ড্যান্স’ অনুষ্ঠান সম্পর্কে কর্নিয়া বলেন, ‘বেশ কয়েকটা রিহার্সেলের পর এই অনুষ্ঠানের শুটিংয়ে গিয়েছি। দারুণ উপভোগ করেছি। ভালো লেগেছে। কোরিওগ্রাফারই অনেক কিছু বুঝিয়ে দিয়েছে।’ ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত। ‘ড্যান্স ড্যান্স’ প্রচারিত হবে আরটিভিতে ঈদুল আজহার অনুষ্ঠানে।
