মু খো মু খি

গ্ল্যামারের সাথে গ্রামারও লাগে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৭
সৈকত সালাহউদ্দিন। এ সময়ে বৃহস্পতিবার এশিয়ান টিভির আলোচিত টিভি শো ‘মুভিবাজার’-এর উপস্থাপনায় দর্শকের পরিচিত মুখ। বর্তমানে চ্যানেলটির উপ-অনুষ্ঠান প্রধান ও বিনোদন সংবাদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে এশিয়ান টিভিতে তার পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচার হয় মুভিবাজার। নিয়মিত অনুষ্ঠান ও সমসাময়িক বিষয় নিয়ে মুখোমুখি হয়েছেন বিনোদন প্রতিদিনের। সাক্ষাত্কার নিয়েছেন সুহূদ সুফিয়ান ‘মুভিবাজার’ অনুষ্ঠানের পরিকল্পনা কীভাবে শুরু? প্রায় দশ বছর আগে আমি এ অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলাম। সেসময় একজন মিডিয়াব্যক্তিত্ব বলেছিলেন, এ অনুষ্ঠান করতে আমাকে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ব্যবসা বা সিনেমার বাজার তৈরির অনুষ্ঠানের উপস্থাপককে সবার আগে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য হতে হয়। খুবই ভয়ে ভয়ে দশ বছর পর অনুষ্ঠানটি শুরু করলাম। দর্শক ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সাড়ায় ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠছি। ইনফোটেইনমেন্ট অনুষ্ঠানের ধারা তৈরি করছে ‘মুভিবাজার’। প্রযোজনা করছেন সুদীপ্ত সরকার। ‘মুভিবাজার’-এর উদ্দেশ্য কতটুকু সার্থক হয়েছে? আমরা ‘মুভিবাজার’-এর একটি অ্যাকশন প্রোমো বানিয়েছিলাম। বিষয় ছিল পাইরেসি, হল ভেঙে ফেলা, পুরোনোদের ভুলে যাওয়া এবং নতুনদের ওপর ভরসা না করার বিরুদ্ধে যুদ্ধ। আমি মনে করি সেই যুদ্ধে অনেকটাই সফলতার দিকে আমরা। উপস্থাপনা, মিডিয়া কনসালটেন্সি, দীর্ঘদিনের সাংবাদিকতার পাশাপাশি আপনি এখন টেলিভিশন চ্যানেলে কাজ করছেন। বিনোদন ইন্ডাস্ট্রি নিয়ে আপনার মূল্যায়ন কী? এখানে কেউ শুধু গ্ল্যামার বুঝেন আবার কেউ শুধু গ্রামার বুঝেন। তবে গ্ল্যামারের বিষয়ে ‘প্রেসার’ বেশি। আমার মতামত, গ্ল্যামার লাগে, সাথে গ্রামারও লাগে। সাধারণভাবে শুনি যে নারীদের চাহিদা বেশি। কিন্তু মহিলা ও তরুণী দর্শকের সংখ্যা যথেষ্ঠ। তারা তো নিশ্চয়ই পুরুষ তারকাদের বেশি পছন্দ করেন। আসলে সবার উপরে লাগে কনসেপ্ট। যেদিন ‘কনসেপ্ট’ তারকা হবে, সেদিন বিনোদন ইন্ডাস্ট্রি সত্যিকার অর্থে শক্তিশালী হবে।