উত্তরার গ্যালারি কায়ায় শিল্পী গৌতম চক্রবর্তীর একক প্রদর্শনী শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। প্রদর্শনীর শিরোনাম ‘আমি’। প্রায় ১৬ বছর পরে পঞ্চম একক প্রদর্শনীর আয়োজন। এতদিন পরে কেন? উত্তরে শিল্পী বলেন, ‘তেমন কোনো বিশেষ কারণ নেই। আমি যে ধরনের কাজ করি তাতে অল্প সময়ে খুব বেশি ছবি গুছিয়ে ফেলা মুশকিল। হয়তো আমার কাজের ধরনটাই এমন। একটু সময় নিয়ে কাজ করতে ভালোবাসি।’ শুক্রবার বিকালে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী মুর্তজা বশীর। অতিথি থাকবেন শিল্পী সমরজিত্ রায়চৌধুরী ও স্থপতি শামসুল ওয়ারেস। গৌতম চক্রবর্তী শিল্পের জগতে পা রাখেন মিনিয়েচার আর্ট নিয়ে। এবারের প্রদর্শনীতে এবারও তার বৌ, মিছিলের মুখগুলি, হাতি, মাদার তেরেসা, রবীন্দ্রনাথ প্রভৃতি সিরিজের ছবি স্থান পেয়েছে। তবে সিরিজে নতুন যুক্ত হয়েছে ‘রাগী বিড়াল’ সিরিজের ছবি। এ ছাড়া ‘মিনিয়েচার’ ফর্মেও রয়েছে বেশ কিছু ছবি। প্রদর্শনী চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
