ধূমপান ছাড়লে ওজন বাড়ে
ধূমপান ছেড়ে দিলে ওজন বেড়ে যায়। এর কারণ নিয়ে অনেক জল্পনা-কল্পনা করা হয়েছে কিন্তু আগে সঠিকভাবে তা জানা যায়নি। সাম্প্রতিক এক গবেষণায় ব্যাপারটি স্পষ্ট হয়েছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা সবাই জানে। কিন্তু এই অভ্যাসটা ছেড়ে দেয়া এত সহজ নয়। অনেকের মনে ভয়, ধূমপান ছেড়ে দিলে যদি ওজন বেড়ে যায়। বাস্তবিকই আতঙ্কটা অযৌক্তিক নয়। ধূমপান ছেড়ে দেয়ার পর ৮০ শতাংশ মানুষের ওজন বেড়ে যায় গড়ে ৭ কিলোগ্রাম। —ডয়েচে ভেলে
ইরানে ফেইসবুক আবার বন্ধ
দেশের চলমান রাজনীতিকে অস্থির করতে পারে সন্দেহে সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটার আবার বন্ধ ঘোষণা করেছে ইরান। ইরানের কিছু ব্যবহারকারী ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সফটওয়্যারের মাধ্যমে দেশের বাইরের আইপির মাধ্যমে ফেইসবুক ও টুইটার ব্যবহার করে। —রয়টার্স
বাঁশের তৈরি সাইকেল
সমপ্রতি যুক্তরাজ্যে বাইসাইকেলের কাঠামো বানাতে ব্যবহার করা হয়েছে হালকা এবং পরিবেশসম্মত বাঁশ। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, এরকম সাইকেলের কাঠামো বাঁশের হওয়ায় তা খুব মজবুত এবং হালকা হচ্ছে। এতদিন সাইকেল বানাতে স্টিল ব্যবহার করা হতো। কিন্তু ইস্পাতের চেয়েও শক্ত প্রাকৃতিক উপাদান হচ্ছে বাঁশ। সেইসঙ্গে এটি বেশ হালকা এবং দামের দিক থেকেও সাশ্রয়ী। —রয়টার্স
সমুদ্র গভীরে উড়বে বিমান
সমুদ্রের গভীরে চলার উপযোগী বিমান তৈরি করেছেন সমুদ্রবিজ্ঞানী গ্রাহাম হকস। প্রচলিত ডুবোজাহাজের চেয়ে ভিন্ন ‘ডিপফ্লাইট সুপার ফ্যালকন’টি সমুদ্রের গভীরে উড়তে সক্ষম। ১৯৯৫ সাল থেকে হকস বিমান আকৃতির এ জলযান তৈরি শুরু করেন। ইতিমধ্যে তিনি এ গবেষণায় সফলতা পেয়েছেন। তার আবিষ্কৃত বিমানটিতে দুটি ডানা আছে। সমুদ্রের গভীরেও এটি দ্রুতগতিতে উড়তে পারবে। এটি ডুবোজাহাজের তুলনায় ভিন্ন বলে জানিয়েছেন হকস। —রয়টার্স
