বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপনস কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর নবম সাধারণ সভা গত সোমবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এবং তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় রাসায়নিক অস্ত্র কনভেনশনের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বাধ্যবাধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া, জাতীয় ডাটাবেজ প্রণয়ন, জাতীয় কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন, রাসায়নিক কারখানাসমূহের জাতীয় কর্তৃপক্ষের তালিকাভুক্তিসহ বাংলাদেশের অর্জন এবং ভবিষ্যত্ কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা হয়। -আইএসপিআর।
