‘চাকরি চাই না, দিতে চাই’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
‘যারা বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করেছেন, এমন তরুণ-তরুণীরাই আমাদের টার্গেট। কারণ, উদ্যোক্তা হিসেবে নিজেকে মেলে ধরার এটাই উপযুক্ত সময়। যদিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি।’ গতকাল বুধবার অনুষ্ঠানের শুরুতে এভাবেই ‘২য় জাতীয় এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা-২০১৩’ শুরুর কথা তুলে ধরেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ( ভারপ্রাপ্ত) মো: মুজিবুর রহমান। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সবুর খান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ব্যাংকার অধ্যাপক মামুন রশিদ। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশনসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোগের ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত দ্রুত বিকশিত হচ্ছে। বিশেষ করে নারী উদ্যোক্তারা এগিয়ে আসছেন। তিনি বলেন, আমাদের দেশের শিল্প উদ্যোগের ৯০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প। মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ২৫ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান। ২০১২-২০১৩ অর্থবছরে শিল্পখাতে যে ৮ দশমিক ৯৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এ শিল্পের। ডিসিসিআই সভাপতি সবুর খান বলেন, আমরা যদি নতুন উদ্যোক্তা তৈরি করতে না পারি তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না। তরুণ উদ্যোক্তাদের উত্সাহিত করতে হবে। ডিসিসিআইয়ের পক্ষ থেকেও নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনেক বিষয়েই তাদের সহযোগিতা করা হচ্ছে। তিনি বলেন, আমাদের তরুণদের যেন লক্ষ্য হয়, ‘চাকরি চাই না, দিতে চাই’। তাহলে অবস্থার পরিবর্তন হবে। অধ্যাপক মামুন রশিদ বলেন, শুধু আইডিয়া দিয়ে প্রতিযোগিতায় জিতলে হবে না, বাস্তবে রূপ দিতে হবে। তাহলেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় অংশগ্রহণে এসএমই ফাউন্ডেশন নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বাংলাদেশের নাগরিক সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তা এবং বিদ্যমান এসএমই উদ্যোক্তা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এককভাবে অথবা সর্বোচ্চ ৪জনের গ্রুপ করে অংশগ্রহণ করা যাবে। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার ৫ লাখ টাকা, ২য় পুরস্কার ৪ লাখ টাকা ও ৩য় পুরস্কার ৩ লাখ টাকা প্রদান করা হবে।