প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নির্ভুল ভোটার তালিকা করতে কোনো ধরনের আপোস করা হবে না। ভোটার তালিকায় ভুল-ভ্রান্তির কোন সুযোগও নেই। শতভাগ নির্ভুল তালিকা দিয়েই আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যাছাইয়ের পর ভোটার তালিকায় ভুল-ভ্রান্তি থাকার কোনো সুযোগ নেই। ভুল যদি কিছু থাকে তা সংশোধন করা হবে। নামের বানান, জন্ম তারিখ— এসব ভুল থাকলে সংশোধন করা হবে। একটি স্বাধীন সংস্থা ভোটার তালিকা চেক করে দেখেছে। তারা ৯৯ দশমিক ৯৮ শতাংশ তথ্য সঠিক পেয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, এ ভোটার তালিকা দিয়ে নির্বাচন হবে না। এটা ভুলে ভরা। অনেক গণ্ডগোল আছে। হয়েছে ব্যাপক অনিয়ম। স্বামীর নাম মিললে তো বাপের নাম মিলে না, বাপের নাম মিললে তো স্বামীর নাম মিলে না। এরকম ভোটার তালিকা দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না।
