ঢাবি সিনেটে রেজি: গ্রাজুয়েট নির্বাচনে জাতীয়তাবাদী প্রার্থীদের পরিচিতি সভা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০১৩ এর জাতীয়তাবাদী পরিষদের প্রার্থীবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বুধবার সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সভায় আরো বক্তব্য রাখেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি প্রমুখ। প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আফম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. আব্দুল আজিজ, ব্যারিস্টার নাছির উদ্দিন আহমেদ (অসীম), ড. এসএম আসাদুজ্জামান (রিপন), মো. হাসান আহমেদ চৌধুরী কিরন প্রমুখ।