শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বাংলাদেশের ভবিষ্যত্ কারিগরি শিক্ষার ওপর নির্ভরশীল। দক্ষ জনশক্তি তৈরি ও তাদের যথাযথ কর্মক্ষেত্র সৃষ্টি করতে না পারলে বিশ্ব প্রতিযোগিতা থেকে বাংলাদেশ পিছিয়ে যাবে।
মঙ্গলবার আইডিইবি ভবনে ‘জাতীয় অর্থনৈতিক মুক্তির জন্য মধ্যম স্তরের প্রকৌশল শিক্ষার গুরুত্ব ও করণীয়’ নির্ধারণে দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিকসমূহের প্রিন্সিপালদের অংশগ্রহণে আইডিইবি আয়োজিত পলিটেকনিক প্রিন্সিপাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজাহান মিঞা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাশেম। স্বাগত ও মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।
