হাওরের মাছ বিক্রি হচ্ছে অর্ধেক দামে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪২
মাছের দেশ মোহনগঞ্জসহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ হাওরাঞ্চলের মিঠাপানির হাওরের মাছ মোহনগঞ্জ মাছ ঘাটের আড়তে অর্ধেক দামে বিক্রি হচ্ছে। তাপদাহের ফলে মাছ বেশি ধরা পড়ায় এবং রফতানিতে বিঘ্নতা সৃষ্টি হওয়ার কারণে মাছের দাম অর্ধেকে নেমে এসেছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে, এসব মাছের পাইকার কম থাকায় স্থানীয় লোকজন কম দামে মাছ কিনে খাওয়ার সুযোগ পাচ্ছে। অপরদিকে ক্রেতা-বিক্রেতারা জানায়, বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোড শেডিং থাকায় বরফ তৈরি করা যাচ্ছে না। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাছ রফতানি কম হচ্ছে। এসব মাছের মধ্যে রয়েছে বোয়াল,কাতলা, কালিবাউস, পুঁটি, তারা বাইমসহ শতাধিক প্রজাতির মাছ বাজারে বিক্রি হচ্ছে। তবে যেসব মাছ কম দামে বিক্রি হচ্ছে তা আকারে ছোট। যে বড় আকারের বাইম মাছ ইতিপূর্বে বিক্রি দর ছিল ৬০০-৭০০ টাকা এখন তা বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকা, বোয়াল মাছ ৮০-১০০ টাকা, পূর্বের মূল্য ছিল ২০০ টাকা।