ভেবেছিলাম সব চুকেবুকে গেছে—
লেখা হয়ে গেছে এপিটাফ—
শববাহকেরা ফিরে গেছে যে যার কাজে;
ঘোড়ার পায়ের শব্দে আবার ঝালাপালা
সমাহিত সমাধির প্রাণ।
আমার ঘোড়াটিও লাফাচ্ছে কেবল—
যেন তার পায়ের নিচে মাটি নয়
বয়ে যাচ্ছে লাভাস্রোত!
কতো কী দেখার ছিল, ব্যাকুল বুক জুড়ে
জমে ছিল কতো যে কথার মেঘ—
তৃষ্ণার্ত আঙুল জুড়ে ছিল কী বিপুল বিপন্নতা;
ছিন্নভিন্ন হয়ে গেছে সব
উন্মত্ত অশ্বের পদাঘাতে।
ধেয়ে আসছে তীব্র ধূলিঝড়—
ভেবেছিলাম চুকেবুকে গেছে সব;
এখন ধূলিঝড়ের ভেতরেও শুনি
সেই হা হা রব!
