যিন্দা নামায
লেখক : মাওলানা খন্দকার আবুল ফজল
প্রকাশক : আলহাজ্ব শাহ মঞ্জুরুল হক
প্রকাশকাল :জুলাই, ২০১৩ইং
প্রকাশনায় :মুহাম্মদী কুতুবখানা
বড় মসজিদ মার্কেট, ময়মনসিংহ
হাদিয়া:১৫০ টাকা
নামাযের প্রাণ হলো এক রৈখিক মন। বৈষয়িক জগত থেকে প্রাণ-মন ছিন্ন করে মহান রব আল্লাহর প্রতি সম্পূর্ন নিবিষ্ট হওয়া। তাতে থাকবে বিনয় নম্রতা আর অসীম একাগ্রতা। আপন প্রভূর প্রতি নি:সীম সমার্পণ। তবে অবয়বে থাকবে প্রচণ্ড গতিশীলতা, দুর্বার, বিশ্বজয়ী, মৃত্যু ভয়হীন। খুশু-খুজুর প্রকৃত রূপ হলো-মো’মেন যখন সালাতে দাঁড়াবে তখন সে জানবে তার সর্বস্ব এই সালাতেই; সে সমস্ত ক্ষণ সচেতন থাকবে যে সে মহামহীম আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহর বিরাটত্ব ও তার নিজের ক্ষুদ্রতা সম্বন্ধে সে থাকবে পুঙ্খানুপুঙ্খ সতর্ক। সে আল্লাহকে দেখছে অথবা আল্লাহ তাকে দেখছেন। তার ষষ্টাঙ্গে এই চেতনা ও বোধবৃত্ত তাকে ঘিরে থাকবে যে,এই মুহুর্তটি তার জীবনের চূড়ান্ত সীমা। এভাবে নামাজের ‘প্রাণ’ প্রতিষ্ঠা করতে হয়। এমন সালাত মহান আল্লাহর শাহী দরবারে কবুলিয়াত আর পরিশুদ্ধতার নিক্তিতে মনের অন্তপুরে নুর পয়দা করে। পক্ষান্তরে নিষ্প্রাণ নামাজ মনে প্রশান্তি পয়দা করে না। অন্তর কঠিন ও শুকনা থাকায় চোখ দিয়ে অশ্রুপাত হয় না। মৃত নামায জান্নাতের চাবি হবার যোগ্যতা রাখে না। উদাসিন-প্রাণহীন নামাযকে যিন্দা করা নিয়ে এক অসামানন্য গ্রন্থ ’যিন্দা নামায’। লিখেছেন-কবি মাওলানা খন্দকার আবুল ফজল। বহুকাল ধরে একটানা লিখে চলেছেন আল্লাহ লাভের আরাধনায় রুজু বিদগ্ধ এই মনিষী। খাটি একজন পীর হিসাবে তার পরিচয় পরিধি আছে বিসতৃত। মোমেনশাহীর ইসলামপুরের জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ’র মুহাদ্দিস তিনি। খন্দকার আবুল ফজল প্রভুর ভালোবাসায় অন্তর্গত যাতনায় অস্থির এক লেখক। ’যিন্দা নামায’ব্যাতিক্রমধর্মী গ্রন্থ।এর মুখবন্ধে মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান বলেছেন,’কুরআন হাদিস ভিত্তিক প্রমাণাদির পাশাপাশি যুক্তির নিরিখে আলোচনাভরা এই বইটি যে কোন পাঠকের সুপ্ত অনুভূতিতে নাড়া দিয়ে নামাজে সজিবতা আনবে।’কিভাবে নামায পড়লে অন্তর নুরানী হয়,কি কি কারনে নুর কমে যায় বা বিনস্ট হয় তার বিশদ আলোকপাত আছে এ গ্রন্থে। আত্মার স্তর -’নফসে আম্মরা’,’নফসে লাওয়ামাহ’,’নফসে মুত্বমাইন্নাহ’ বিশ্লেষণ করেছেন মাওলানা খন্দকার আবুল ফজল। নামায়ে তৃপ্তি হাসিলে করণীয়-বর্জনীয়,নামায যিন্দা করার উপকরন,খুশু-খুজুর বিষয়ে কুরআন-হাদিস-বুযুর্গদের বানী,নামাযের প্রতিটি রোকনে তাকবির-তাছবিহ এর রহস্য,সকল চাওয়া পাওয়ার মাধ্যম নামায, যে সব কারনে নামায কবুল হয় না, নামায জিন্দা করার উপকরন, প্রাণবন্ত করার জন্য যা করনীয়, নামাযের রুহ, নামাযের প্রতিক্রিয়া,পঞ্চাশ ওয়াক্ত নামাযের রহস্য, বিদয়াত, নামাযী ও বে-নামযীর মৃত্যু, আত্মায় তাহাজ্জুদ নামায, নফল নামাযের উপকারিতার মত ৬১ টি অধ্যয় আছে এই গ্রন্থে। এর পরতে পরতে কুরআন-হাদিসের পাশাপাশি মানিষীদের উদ্ধৃতি বর্ণাঢ্য করেছে। বাজারে নামায নিয়ে বেশুমার গ্রন্থের ভিড়ে ’যিন্দা নামায’ অনন্য-অসাধারন। এর ভাষা সুসংঘবদ্ধ। বিমুর্ততা,নৈর্ব্যক্তিকতা ও চিত্রকল্পের সমাহারে প্রাঞ্জল এবং আধুনিক ভাষারীতি ‘যিন্দা নামায’ কে সুখপাঠ্য করেছে। আমরা গ্রন্থটির বহুল প্রচার প্রত্যাশা করছি।
— আনোয়ার আলদীন
