পুঁজিবাজার ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফে আবেদনের জন্য যেসব শর্ত দেয়া হয়েছে তা কিছুটা শিথিল করা হবে বলে জানিয়েছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদশ (আইসিবি)। গতকাল আইসিবি কার্যালয়ে মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ ধরনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সুদ মওকুফের জন্য মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে কোনো আবেদন না করায় এ বৈঠক ডাকা হয়।
আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ড. ফায়েকুজ্জামান জানান, ক্ষতিপূরণ পেতে আইসিবির পক্ষ থেকে যেসব শর্ত দেয়া হয়েছিল তার কিছুটা শিথিল করা হতে পারে। এ বিষয়ে আইসিবির পক্ষ থেকে মার্চেন্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হবে। শর্ত শিথিল করা হলে এক সপ্তাহের মধ্যে আশানুরূপ সাড়া পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে গতকাল সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১৯ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৯১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের।
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ইমাম বাটনের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই’র পাঠানো নোটিসের জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, হাক্কানি পাল্প ও নর্দান জুট মেনুফ্যাকচারিং একই ধরনের তথ্য নিয়েছে।
এদিকে বিগত ১৫ দিনে যেসব স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারের দর ৫০% থেকে ১৫০% পর্যন্ত বেড়েছে সেসব কোম্পানির শেয়ারের দর বাড়ার কারণ অনুসন্ধান করে তদন্ত রিপোর্ট বিএসইসিতে ১৫ দিনের মধ্যে জমা দিতে ডিএসইকে নির্দেশ দেয়া হয়েছে।
