ভূমিকম্পে জেগে উঠল নতুন দ্বীপ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৮
৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভীত-সন্ত্রস্ত মানুষের জন্য অপেক্ষা করছিল আরো একটি বিস্ময়। ভূমিকম্পের ধাক্কা কাটতে না কাটতেই আরো একবার ধাক্কা খেলেন তারা; দেখলেন- ভূমিকম্পের পর আরব সাগরে জেগে উঠেছে এক নতুন দ্বীপ। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের উপকূলীয় শহর গোয়াদরে। ভূমিকম্পের আধ ঘণ্টার মধ্যে শহরের বাসিন্দারা তীর থেকে মাত্র এক কিলোমিটার দূরে নতুন ওই দ্বীপের অস্তিত্ব আবিষ্কার করেন। স্থানীয় সাংবাদিক বাহরাম বালুচ খবরটি পান এক বন্ধুর পাঠানো মোবাইল এসএমএসে। তাতে লেখা- “আমার বাড়ির বাইরে একটি পাহাড় দেখা যাচ্ছে।” বালুচ বলেন, “বাড়ি থেকে বেরিয়ে আমি তো হতভম্ব। দূরে দেখা যাচ্ছে ধুসর মিনারের মতো উঁচু এক স্তূপ। যেন বিশাল এক তিমি কিনারে এসে সাঁতার কাটছে। শত শত মানুষ অবিশ্বাস নিয়ে ওই দ্বীপের দিকে তাকিয়ে আছে।” বুধবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে ওই দ্বীপের ছবি তুলতে সেখানে যান বালুচ। “দ্বীপটি অনেকটা ডিম্বাকৃতির, আড়াইশ থেকে তিনশ’ ফুট দীর্ঘ। পানি থেকে উচ্চতা ৬০ থেকে ৭০ ফুট।” দ্বীপের বেশিরভাগটাই কাদামাটি, সঙ্গে আছে উচুঁ-নিচু পাথর। বালুচ ও তার বন্ধুরা দ্বীপের যে অংশে নেমেছিলেন- সেই পাসটিও ছিল কঠিন পাথরের। “দ্বীপের মধ্যে অনেক মরা মাছ দেখেছি। একপাশে মাটির নিচ থেকে হিস হিস শব্দে গ্যাস বের হচ্ছিল।” গোয়াদরের প্রবীণরা জানান, ৬০ থেকে ৭০ বছর আগে এ ধরনের আরেকটি দ্বীপ জেগে উঠেছিল সাগরে। ওই দ্বীপটির নাম তারা রেখেছিলেন ‘জ্বালজ্বালা কোহ’ বা ভূমিকম্প পাহাড়। পরে ঢেউয়ে ঢেউয়ে সাগরেই বিলীন হয়ে যায় সেই দ্বীপ।