সুদানে বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ২৪

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৮
সুদানে ভর্তুকি কমিয়ে জ্বালানি তেলের দাম দ্বিগুণ করার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে ২৪ ব্যক্তি নিহত হয়েছে। আরও ৮০ জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে। গত তিনদিন যাবত্ দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা এখন প্রেসিডেন্ট ওমার আল বাশিরের পদত্যাগ দাবি করছে। খার্তুম শহরের আমদারমান হাসপাতালের পরিচালক ডা. ওসামা মুরতাদা বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন রাজধানী খার্তুমে পুলিশের সাথে বিক্ষোভকারীদের যে সংঘর্ষ হয়েছে সেখানে মানুষের ওপর গুলি চালানো হয়েছে। সেগুলো সব ছিল বুকে, পেটে এবং মাথায়। রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেয়া হয়েছে এবং বিমানবন্দরগামী রাস্তাটি অবরোধ করে রাখা হয়েছে। শহরের সব স্কুল বন্ধ রয়েছে এবং সংবাদপত্র প্রকাশ না করার নির্দেশ দেয়া হয়েছে। গত সপ্তাহে সুদান সরকার বাজেট নিয়ন্ত্রণের লক্ষ্যে জ্বালানি ও গ্যাসের দাম দ্বিগুণ বৃদ্ধি করে। আর এ লক্ষ্যে জ্বালানিতে ভর্তুকি কমিয়ে দেয়া হলে মঙ্গলবার থেকে রাজধানী খার্তুমসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলতে থাকে। এদিকে সুদানে মার্কিন দূতাবাসকে সবরকম সহিংসতা এড়াতে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।