ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে তিন থেকে ছয় মাসের মধ্যে তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে একটি সমঝোতায় আসতে চান। এই বিষয়টির একটি সমাধানকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সহজ করার সূচনাকারী পয়েন্ট হিসেবে দেখতে চান তিনি। -খবর বিবিসির।
ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাত্কারে রুহানি আরো বলেন, তার দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনী তাকে এই বিষয়টির একটি বন্দোবস্ত করার জন্য পুরো ক্ষমতা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সংস্থা পি৫+১ এর সঙ্গে ইরানের বৈঠক করার কথা। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে রুহানি বলেছিলেন, পরমাণু ইস্যু নিয়ে সময় নির্ধারিত এবং ফলপ্রসূ আলোচনার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রুহানি সমপ্রতি যে সংযমী পদক্ষেপ নিয়েছেন তাতে তিনি উত্সাহিত হয়েছেন।
ক’দিনের মধ্যে এই ইস্যুটির একটি ফয়সালা হবে ওয়াশিংটন পোস্টের এমন প্রশ্নের জবাবে রুহানি বলেন, যত কম সময় লাগে তত এতে সবাই উপকৃত হবে। তিন থেকে ছয় মাসের মধ্যে এর একটি সুরাহা হবে। তবে তা কোনভাবেই মাস থেকে বছরে গড়াবে না।
