কাশ্মিরে থানা ও সেনা ক্যাম্পে হামলা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:২১
ভারতশাসিত কাশ্মিরের একটি পুলিশ স্টেশন ও সেনা শিবিরে সেনা পোশাক পরিহিত সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় চার পুলিশসহ অন্তত ১২ নিহত হয়েছে। কাশ্মিরের কাটুয়া ও সামবা জেলায় এই ঘটনা ঘটে। স্থান দুটি পাকিস্তান সীমান্ত থেকে কয়েক মাইল দূরে। -খবর বিবিসির। পুলিশ স্টেশনে হামলার পর সন্দেহভাজন বিদ্রোহীরা পার্শ্ববর্তী সামবা জেলার সেনা শিবিরে হামলা চালায়। সেনা সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের অনেকক্ষণ ধরে গোলাগুলি চলে। নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বৈঠক হওয়ার কথা রয়েছে। ঠিক এই পরিস্থিতিতেই কাশ্মিরে এ ধরনের হামলার ঘটনা ঘটল। কাশ্মিরের ইন্সপেক্টর জেনারেল রাজেশ কুমার বলেন, পুলিশ স্টেশনে হামলার পর হামলাকারীরা একটি ট্রাক হাইজ্যাক করে নিয়ে যায়। জাতীয় মহাসড়কে ওই ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে সম্ভবত তারা অপর কোনো গাড়িতে করে প্রতিবেশী সামবা জেলার সেনা শিবিরে হামলা চালিয়েছে।