লিভারপুলকে হারিয়ে শোধ নিল ম্যান ইউ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৯
ম্যানচেস্টার ইউনাইটেডে লিগ কাপের জয়টি কোচ ডেভিড ময়েসকে কিছুটা হলেও ভারমুক্ত করলো। গত বুধবার রাতে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দলটি অতিথি লিভারপুলকে ১-০ গোলে হারায়। এ জয়ে লিভারপুলের হয়ে ১০ ম্যাচ পর লুইস সুয়ারেজের মাঠে ফেরাটা যেমন বিফলে যায়, তেমনি এ মাসেই অল রেডসদের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের হারটিরও শোধ নিল ম্যানচেস্টার ইউনাইটেড। জ্যাভিয়ের হার্নান্দেজ লিগ কাপের তৃতীয় রাউন্ডের খেলায় একমাত্র গোলটি করেন। বিরতির পর খেলা মাঠে গড়ানো মাত্রই মেক্সিকান স্ট্রাইকার তীব্র ভলিতে বলটি জড়িয়ে দেন জালে। ওয়েন রুনির কর্নার থেকে বলটি পেয়েছিলেন তিনি। স্বাগতিকরা এই রাতে মূলত তাদের দ্বিতীয় সারির দলটিকেই খেলায়। তারপরও এ জয় শেষ পর্যন্ত বেশি পরিতৃপ্তি এনে দেয় স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরী ময়েসকেই। কেননা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের দায়িত্ব নেয়ার পর ময়েস প্রত্যাশিত কেতায় দলটিকে পরিচালিত করতে পারছিলেন না। শুধু ম্যান ইউই নয় এ রাতে জিতেছে আর্সেনাল, নিউক্যাসল ও স্টোক সিটি। এর মধ্যে চতুর্থ রাউন্ডের খেলাগুলোর একটিতে মুখোমুখি হবে চেলসি ও আর্সেনাল। তবে শিরোপাধারী সোয়ানসি সিটির বরাতে জুটেছে বার্মিংহ্যাম সিটির তরফে ৩-১ গোলের হার। এদিকে ময়েস লিভারপুলের বিরুদ্ধে জয়টির পর জানিয়েছেন যে, ম্যানচেস্টারে তিনি সফল হবেন। ৫০ বছর বয়সী এই কোচ চলতি গ্রীষ্মে ফার্গুসনের স্থলাভিষিক্ত হলেও তার দল বর্তমানে লিগে অষ্টম স্থানে আছে। লিভারপুলের কাছে হার ছাড়াও লিগের সর্বশেষ খেলায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ময়েসের দলটিকে ৪-১ গোলে হারায়। তারপরও লিগ কাপের চতুর্থ রাউন্ডে বিপক্ষ হিসেবে নরউইচ সিটিকে পাওয়া ইউনাইটেড কোচ বলেন, ‘এটা হতাশ হওয়ার কিছু নয়। আমি সব ঠিক করে ফেলবো। আমি মোড় ঘুরাবো। এ ব্যাপারে আমার কোন সংশয় নেই।’ ময়েসের শুরুটা ভাল না হলেও এখন পর্যন্ত সব ধরনের খেলা মিলিয়ে তিনি প্রথম আটটি খেলার মধ্যে পাঁচটিতে জিতেছেন। ১৯৪৬ সালে ম্যাট বাসবির দায়িত্ব গ্রহণের পর থেকে এ যাবত্কালের হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন ম্যানেজারদের হিসেবে এটাই সেরা শুরু।