নিজের দুর্বল পারফরম্যান্সকে শঙ্কার কারণ হিসেবে দেখছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। গত বুধবার টেস্ট দলে জায়গা পেতে অনিশ্চয়তার মুখে পড়া এই ক্রিকেটার এমনটাই জানিয়েছেন।
চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকায় তিন টেস্টে মাত্র ৪৩ রান করেন ৩২ বছর বয়সী এই বামহাতী ব্যাটসম্যান। এরপর চলতি মাসের প্রথম দিকে জিম্বাবুয়ে সফরেও দুই টেস্টে নিজের ব্যাটিংয়ের কোন উন্নতি করতে পারেননি তিনি। দুর্বল জিম্বাবুয়েতে দুই ম্যাচ সিরিজে তার মোট রান মাত্র ৫৯।
এমন বাজে ফর্মের কারণে সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ১৪ অক্টোবর শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে জায়গা পাওয়া নিয়েই সন্দেহ সৃষ্টি হয়েছে ৩৪ টেস্ট খেলা হাফিজের।
পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাংবাদিকদের বলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। উদ্বেগের কিছু নেই কিংবা আমার উপর কোন চাপ নেই। তবে আমি বড় স্কোর করতে পারছি না অবশ্যই এটা একটা দুশ্চিন্তা।’
যেকো ক্রিকেটারদের ক্যারিয়ারেই খারাপ সময় থাকে। মোহাম্মদ হাফিজও একে নিজের খারাপ সময় হিসেবেই দেখছেন, ‘এটা খারাপ সময় নয়, এটা তো ফর্মেরও বিষয় নয়। এটা ক্রিকেটে ঘটে থাকে। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু কখনো কখনো ওই নির্দিষ্ট ভার্সনে আপনি পারফর্ম করতে পারছেন না।’
জিম্বাবুয়ের বিরুদ্ধে ২-১ ম্যাচে জয়ী ওয়ানডে সিরিজ সেরা নির্বাচিত হওয়া পাকিস্তানী হাফিজ বলেন, ‘একটি সেঞ্চুরি করে এখানে আমি সিরিজ সেরা নির্বাচিত হয়েছি।’
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য আগামীকাল দল ঘোষণা করছে নির্বাচকরা।
তিনি আরও বলেন, ‘নির্বাচকদের দায়িত্ব পাকিস্তানের জন্য সেরা দল নির্বাচন করা। তারা যদি মনে করেন দলে আমাকে প্রয়োজন আছে তাহলে তারা আমাকে রাখবেন।’
পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা পাঁচটি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। - বাসস/এএফপি
