ফুটবলের দেশ হিসাবে সবাই চেনে দেশটিকে। ব্রাজিলের পেলে, জিকো, সক্রেটিস, রোনালডো আর হালের নেইমারের ফুটবলের জাদুতে সারা বিশ্ব বুঁদ। সেই দেশে যে সঙ্গীতের চর্চা হয় তার খোঁজ কে রাখে। সেই দেশের বিশ্বখ্যাত গিটার মায়েস্ত্রো আর্নাল্ডো ফ্রির গিটারবাদন নতুন করে যেন তুলে ধরলো ব্রাজিলকে। গিটারের সুরের মূর্ছনায় বাংলাদেশের শিল্পরসিকদের মন মাতালেন তিনি। তবে ব্রাজিলিয়ান যে সুরের ছন্দে নাচে বাংলাদেশর মানুষ সেই ‘সাম্বা’ শোনাতে ভুল করেননি তিনি।
গতকাল ঢাকাস্থ ব্রাজিলিয়ান দূতাবাস ও ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এ কনসার্টের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ভানজা কাম্পোস দা নোব্রেগা। বিশেষ অতিথি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন।
সুর তা যে দেশেরই হোক না কেন আর তা যত অপরিচিতই হোক না কেন মানুষের মনকে নাড়া দেবেই। আর্নাল্ডোর গিটারের ব্রাজিলিয়ান গিটারবাদনের সঙ্গে বাংলাদেশের শ্রোতাদের পরিচিতি না থাকলেও ভিনদেশি সেই সুর ঠিকই হূদয়ে ছড়িয়েছে মুগ্ধতার স্পর্শ।
আজ শুক্রবার সন্ধ্যায়ও আরনালদো ফ্রির আরেকটি কনসার্ট অনুষ্ঠিত হবে আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকার মিলনায়তনে। আর আগামীকাল শনিবার সন্ধায় তিনি আঁঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তনে ‘ব্রাজিলিয়ান গিটার: টেকনিক এবং স্টাইল’ নিয়ে বক্তৃতা দেবেন। এছাড়া একটি প্রশিক্ষণপর্ব পরিচালনা করবেন। আগ্রহীরা এক হাজার টাকা ফি দিয়ে আরনালদো’র ক্লাসে অংশ নিতে পারবেন।
রায়বেঁশে নৃত্যে মুগ্ধ দর্শক-শ্রোতা
প্রাচীন গ্রীসের সৈন্যদের মত বাংলার সৈন্যদেরও বীরত্বব্যঞ্জক মানসিক ভাবধারার অধিকারী হবার জন্য যুদ্ধ উদ্দীপনামূলক নৃত্য ছিল রায়বেঁশে। গুরু সদয় দত্ত প্রবর্তিত এ নৃত্য বিলীন হয়ে যাচ্ছে। বহুদিন ধরেই বিলুপ্তপ্রায় এই নৃত্যশৈলীর পুনরুজ্জীবনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উদীচী। সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় একের পর এক বিভিন্ন অনুষ্ঠানে রায়বেঁশে নৃত্য পরিবেশন করে আসছেন উদীচীর নৃত্য শিল্পীরা। গতকাল বৃহস্পতিবার আরও একবার রায়বেঁশে নৃত্য পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মোহিত করলেন তারা। ব্রতচারী বাংলাদেশের ব্রতচারী নৃত্য বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ঐতিহ্যবাহী এই নৃত্য পরিবেশন করা হয়। গুরুসদয় দত্তের অমর সৃষ্টি ব্রতচারী স্বদেশপ্রেম, সুস্থ সামাজিক, মানসিক ও শারীরিক বিকাশে সকলের কাছে সমাদৃত। এই মহান শিক্ষাটি নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই আয়োজিত হয় ব্রতচারী কর্মশালা। সমাপনী অনুষ্ঠানে ব্রতচারী বাংলাদেশের সভাপতি কামাল লোহানী সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মানবাধিকার কর্মী খুশি কবির এবং কর্মশালার প্রশিক্ষক ভারতের ব্রতচারী কেন্দ্রীয় নায়েক ম-লীর নায়েক বৈদ্যনাথ পাল। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল লতিফ। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
