জনগণের ডাকে দ্রুত সাড়া দিতে দরকার ছোট প্রকল্প :ডেপুটি স্পিকার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
ডেপুটি স্পিকার কর্ণেল (অব.) শওকত আলী বলেছেন, সরকার শত শত কোটি টাকার বড় বড় প্রকল্প গ্রহণ করে। কিন্তু তাতে বেশিরভাগ প্রকল্পেরই বাস্তবায়ন হয় না। তাই জনগণের চাহিদার দিকটি চিন্তা করে প্রকল্প হাতে নিতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত সংসদ সদস্যদের সাথে যুবদূতদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠানে নদী খনন ও নদী ভাঙ্গন রোধে গৃহীত সরকারি প্রকল্পের সমালোচনাসহ ক্ষোভ প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, নদী ভাঙন রোধে দরকার ড্রেজিং। কিন্তু একটা প্রকল্প প্রণয়ন, নকশা তৈরি ও তা পাস হতেই বছরের পর বছর চলে যায়। ততদিনে সব ভেঙেচুরে শেষ হয়ে যায়। সরকারের উচিত জনগণের ডাকে তাত্ক্ষণিকভাবে সাড়া দেয়া। তাই বড় প্রকল্প না করে দ্রুত কাজ করার জন্য ছোট ছোট প্রকল্প হাতে নেয়া প্রয়োজন। এ সময় শরীয়তপুর, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে আসা যুব প্রতিনিধিরা তাদের এলাকার সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন। আবদুল্লাহ জাফরের সঞ্চালনায় এবং আইইডির নির্বাহী পরিচালক নোমান আহম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রদীপ কর্মসূচির চিফ অব পার্টি রাসেল পেপে, সিএসও শীলা তাসনিম হক, নুসার নির্বাহী পরিচালক মাজেদা শওকত আলী, আইইডির প্রকল্প সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, কিশোরগঞ্জ যুব ফোরামের আহ্বায়ক হাফছা আফরিন বৃষ্টি প্রমুখ।