২০১২ সাল ব্যাংকিং খাতের জন্য খারাপের বিবেচনায় ঘটনাবহুল ছিলো বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত। তিনি বলেন, ওই বছরে হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের মতো বেশকিছু কেলেঙ্কারির ঘটনা ঘটে। তবে কৃষি খাতের অগ্রগতি, রেমিট্যান্স প্রবাহের গতি ও গার্মেন্ট শিল্পের উন্নতির ফলে বিগত দশবছরে গড় প্রবৃদ্ধি ছয় শতাংশের ওপরে রাখা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। বুধবার জনতা ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সরকারের প্রতিনিধি হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো. মামুন-আল-রশীদ, ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ, মো. এমদাদুল হক, ড. এম আর দেবনাথ, সৈয়দ বজলুল করিম, অধ্যাপক মঈনুদ্দীন, সঙ্গীতা আহমেদ, অধ্যাপক ড. নিতাই চন্দ্র নাগ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
