পাকিস্তানে ভূমিকম্প

উদ্ধার তত্পরতা সচল রাখতে জঙ্গিদের প্রতি হামলা বন্ধের আহ্বান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৯
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তত্পরতা সচল রাখতে ঐ এলাকায় কোন ধরনের হামলা না চালাতে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের প্রতি অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। গতকাল শুক্রবার তাদেরকে হামলা বন্ধ রাখার প্রতি প্রাদেশিক সরকার এ আহ্বান জানায়। বেলুচিস্তান আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গি হামলায় বেশ কিছু জেলার উদ্ধার তত্পরতা ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। গত মঙ্গলবার এ অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্পে অন্ততপক্ষে ৩৪৮ জন নিহত এবং আহত হয় শত শত মানুষ। উদ্ধারকর্মীরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্বল যোগাযোগ ব্যবস্থার ফলে অনেক এলাকায় তারা যেতে পারছে না। সরকারি হিসাবে দেখা যায়, ভূমিকম্প বিধ্বস্ত এই ছয় জেলায় প্রায় ৩ লাখের মত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির আধা-সামরিক বাহিনীর সদস্যরা এই পুরো উদ্ধার তত্পরতা ও ত্রাণ বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে।