জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্র, সাবেক ঔপনিবেশিক শক্তি ব্রিটেন ও তাদের মিত্রদের তিরস্কার করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। এসব শক্তি জিম্বাবুয়ের মানুষ ও সম্পদ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। ওই দেশগুলোকে জিম্বাবুয়ের ওপর থেকে তাদের ‘অবৈধ ও নোংরা নিষেধাজ্ঞা’ তুলে নেয়ার জন্যও বলেছেন তিনি।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় এসব কথা বলেন ৮৯ বছর বয়সী মুগাবে। মুগাবে বলেন, জিম্বাবুয়ে জিম্বাবুইয়ানদের জন্য, এর সম্পদও তাদের জন্য। অনুগ্রহ করে আমার শান্তিপূর্ণ দেশ থেকে আপনাদের অবৈধ ও নোংরা নিষেধাজ্ঞা তুলে নিন। জিম্বাবুয়ের ওপর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা জাতিসংঘ ঘোষিত রাষ্ট্রীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করেন তিনি। এসব নিষেধাজ্ঞাকে ‘ক্ষমতা পরিবর্তনে ব্যবহূত বিদেশি কৌশলের হাতিয়ার’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান তিনি।
