ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার জীবননাশের আশংকায় মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে তার বক্তৃতা দেয়ার কথা ছিল। পরে বক্তার তালিকা থেকে তার নাম বাদ দেয়া হয়। -খবর বিবিসির
চীন সফর শেষে ভ্যানকুভার হয়ে তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা থাকলেও হঠাত্ তিনি সিদ্ধান্ত পাল্টে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ফিরে আসেন। পরে তিনি জানান, ভ্যানকুভারে যাত্রাবিরতিকালে আমি বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া গোয়েন্দা তথ্য মূল্যায়ন করি। আমার জীবনের নিরাপত্তায় তাই সেখান থেকেই কারাকাসে ফিরে আসি। মাদুরো দু’জন মার্কিন নাগরিকের নাম উল্লেখ করেন এবং অভিযোগ করেন এই দু’জনের কারণে জীবননাশ হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র্র মন্ত্রণালয় মাদুরোর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
