দুই জায়ান্টের লড়াইয়ে জয়ী জিয়া

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান বার্জার পেইন্টস ৩৯তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলায় দুই জায়ান্টের লড়াইয়ে জিতেছেন। ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান গতকাল একই দলের বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদকে হারিয়েছেন। একদিন বিরতির পর গতকাল পুনরায় শুরু হওয়া টুর্নামেন্টের এ রাউন্ডের খেলায় জিয়া সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং পদ্ধতিতে খেলে ৪০ চালের মাথায় নিয়াজের বিরুদ্ধে জয়ী হন। জিয়া পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর সাড়ে তিন পয়েন্ট নিয়ে নিয়াজ পঞ্চম স্থানে আছেন। প্রথম স্থানে রয়েছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, তার সংগ্রহ সাড়ে পাঁচ পয়েন্ট।