বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি চাকরিতে নিয়োগ পেতে আগ্রহীদের জন্য দেশব্যাপী অনলাইনে নিবন্ধন কর্মসূচির সময় বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আগের ঘোষণা অনুযায়ী এই নিবন্ধন কর্মসূচি ২২ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আরও দুই দিন বাড়িয়ে ১২ অক্টোবর পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। নতুন সময় অনুযায়ী ঢাকা ও বরিশাল বিভাগে ২২-৩০ সেপ্টেম্বর, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ২৮ সেপ্টেম্বর - ৬ অক্টোবর এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগে ৪ অক্টোবর - ১২ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করা যাবে।
ইউএনডিপি এবং ইউএসএআইডি এর কারিগরি সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়নাধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের অধীনে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র সিটি করপোরেশনের অধীন ওয়ার্ড পর্যায়ে স্থাপিত নগর তথ্য ও সেবাকেন্দ্র, পৌরসভার আওতাধীন পৌরসভা তথ্য ও সেবাকেন্দ্র এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ ৪২ জেলায় অবস্থিত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এ নিবন্ধন পরিচালিত হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্ব স্ব জেলার প্রার্থীরা নিবন্ধন করতে পারবেন।
