জনসাধারণের মধ্যে পর্যটন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল শুক্রবার বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবারের এই দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সার্বজনীন ভবিষ্যত্ সুরক্ষায় পর্যটন ও পানি’।
দিবসটি পালন উপলক্ষে গতকাল সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর রমনা রেস্তোরাঁর সামনে থেকে শুরু হয়ে মত্স্য ভবন ও দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বিকালে বাংলাদেশে পর্যটন করপোরেশনের হোটেল অবকাশে বিপিসি, টোয়াব ওআইইউসিএন-এর যৌথ উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায়ও দিবসটি পালন করা হয়।
