উলিপুরে দীর্ঘদিনেও ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় মানবেতর জীবনযাপন করছে শিক্ষক-কর্মচারীরা। পাঠদানের অনুমতিসহ একাডেমিক স্বীকৃতি মিললেও এমপিওভুক্ত না হওয়ায় এসব প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম লাটে ওঠার উপক্রম হয়েছে। এমপিওভুক্তির আশায় বছরের পর বছর অপেক্ষা করে শিক্ষক-কর্মচারীরা বর্তমানে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ১৯৯৯ সাল থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুত্সাহী ব্যক্তিদের উদ্যোগে ১৪টি নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ প্রতিষ্ঠা করা হয়। সংশ্লিষ্ট দপ্তর থেকে পাঠদানের অনুমতিসহ একাডেমিক স্বীকৃতি পাওয়া গেলেও দীর্ঘদিনেও এমপিওভুক্তির কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অর্থের অভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
