আশাশুনিতে সংঘর্ষ নিহত ২ আহত ১০

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
আশাশুনির শ্রীউলায় আ‘লীগ নেতা নূর মোহাম্মদ গ্রুপ ও বিএনপি নেতা শহিদুল ইসলাম ভুট্টো গ্রুপের মধ্যে বৃহস্পতিবার সংগঠিত সংঘর্ষে ভুট্টো গ্রুপের দু’জন নিহত হয়েছে। নিহতরা হলেন, মৃত আফিলউদ্দীন সরদারের ছেলে আব্দুল হাকিম সরদার (৫৫) আমির আলী গাজীর ছেলে মফিজুর রহমান (৬০)। এ ঘটনায় আহত হয়েছেন ভুট্টো গ্রুপের ১০ জন। বুধবার সাতক্ষীরা জেলা জজ আদালত চত্বরে নুর মোহম্মদ গ্রুপের সদস্য আল মুজাহিদ অস্ত্র নিয়ে আদালত চত্বরে ঘোরাফেরা করার সময় বিএনপি নেতা মেম্বার শহীদুল ইসলাম ভুট্টোর গ্রুপের লোকজন তাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এ ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে নুর মোহাম্মদ গ্রুপের ১৫/২০ জন বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুট্টোর সমর্থক আব্দুল হাকিমসহ কয়েকটি বাড়িতে হামলা চালায়। এসময় হাকিম পালাতে গেলে তাকে ও মফিজুর রহমানকে বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করে। এ সময় আহত হয় ভুট্টো গ্রুপের কমপক্ষে ১০ জন। আহতরা হলো, ছালাম, মহিরুদ্দীন, বাবু, রনি ,আশরাদ, হোসনেয়ারাসহ ১০ জন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম জানান, শ্রীউলা গ্রামের দুই গ্রুপের অস্ত্র উদ্ধারের ব্যাপারে আইন-শৃখংলা মিটিং-এ পুলিশকে বলা সত্ত্বেও তারা কোন ভূমিকা না নেয়ায় এ ঘটনার সৃষ্টি হয়েছে।