নাঙ্গলকোটে ইবতেদায়ী শিক্ষক সমিতির সভা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির পরামর্শ সভা গত বৃহস্পতিবার নাঙ্গলকোট শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট উপজেলা ইবতেদায়ী শিক্ষক সমিতির সভাপতি মাওঃ আফজালুর রহমানের সভাপতিত্বে পরামর্শ সভায় আলোচনা করেন ইবতেদায়ী শিক্ষক সমিতির সহ-সভাপতি মাওঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওঃ শাহজাহান, সহ-সম্পাদক মাস্টার মোবাশ্বের হোসেন, কোষাধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল প্রমুখ।
নওগাঁয় মিডিয়াকর্মীদের সাথে মতবিনিমিয়
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁয় কমিউনিটি পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ে মিডিয়াকর্মীদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার কফিলউদ্দিন। ওসি মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) সমীর সূত্রধর, এস.আই ইকবাল পাশা, মানব কল্যাণ পরিষদের নওগাঁর প্রজেক্ট ম্যানেজার মৌসুমী রহমান, পরিষদের নওগাঁ সমন্বয়কারী মশিয়ার রহমান প্রমুখ।
রামগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত মরণোত্তর শিক্ষক ও কর্মচারীদের চেক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আর.পি গ্রুপের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূইয়া। উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক ফারুকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল হক, সাবেক সংসদ সদস্য এম এ গোফরান প্রমুখ।
চৌদ্দগ্রামে প্রাইমারির প্রধান শিক্ষকদের সমাবেশ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে সমাবেশ করেছে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সেক্রেটারী খায়রুল ইসলাম মুন্নার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আমির হোসেন, হালিমা বেগম, নুরুল আলম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কবির হোসেন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ জাতীয় সংসদে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়াতুল মোদারেছিন গত বৃহস্পতিবার এক সমাবেশের আয়োজন করে। এতে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়াতুল মোদারেছিনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান, অধ্যক্ষ আবুল কালাম,অধ্যক্ষ আশেকে এলাহী খান প্রমুখ।
হোমনায় ব্রাকের বিতর্ক প্রতিযোগিতা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ ব্র্যাকের উদ্যোগে হোমনা উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণই প্রধান হাতিয়ার’ শীর্ষক শিক্ষকদের বিতর্কে উপজেলার ঘাড়মোড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এছাড়া একই ভেন্যুতে গত মঙ্গলবার ‘পরীক্ষায় ভাল ফলাফলের জন্য পরিবারের ভূমিকাই প্রধান’ শীর্ষক শিক্ষার্থীদের বিতর্কে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন হোমনা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সহ-অধ্যাপক মো. হাবিবুর রহমান এবং বিচারকের দায়িত্ব পালন করেন হোমনা ডিগ্রি কলেজের ৮ শিক্ষক ।
কিশোরগঞ্জে জার্নালিস্ট ফোরামের সভা
কিশোরগঞ্জ প্রতিনিধি \ বেসরকারি উন্নয়ন সংস্থা ওডপাপের উদ্যোগে জার্নালিস্ট ফোরামের এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ইত্তেফাক প্রতিনিধি সুবীর বসাকের সভাপতিত্বে বাংলাদেশের এইচআইভি-এইড্স পরিস্থিতি এবং এমএসএম ও হিজড়াদের মানবাধিকার বিষয়ক আলোচনায় অংশ নেন সিনিয়র মনিটরিং ও ইভাল্যুয়েশন অফিসার নাহিয়ান সোলতানা, ওডপাডের ডিআইসি ম্যানেজার মো. আনিসুজ্জামান, কাউন্সিলর স্বপন আচার্য, জুবায়ের প্রমুখ।
নলছিটিতে ১৬০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা \ বরিশাল র্যাব-৮এর একটি দল নলছিটি উপজেলা ভৈরবপাশা এলাকা থেকে গত বৃহস্পতিবার ১৬০ পিচ ইয়াবাসহ আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আমিন ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা গ্রামের আ. খালেক হাওলাদারের পুত্র। একই দিন বিকেলে তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়। নলছিটি থানার ওসি এজেডএম. মাসুদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
বরিশালে স্বাস্থ্য অ্যাসোসিয়েশনের মানববন্ধন
বরিশাল অফিস \ বেতন বৈষম্য দূরীকরণ, স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, ভ্রমণভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি আদায়ে নগরীতে মানববন্ধন করেছে বরিশাল স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মী এসোসিয়েশন।গত বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফিরোজ আলম, যুগ্ম সম্পাদক মো হানিফ মিঞা, শাহ মনিরুজ্জামান বক্তৃতা করেন। মাবনবন্ধনে বক্তারা বলেন, বেতনভাতাসহ বিভিন্ন ক্ষেত্রে। অবিলম্বে তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিয়ে দাবি আদায় করা হবে।
রামুর মাদ্রাসা ছাত্র নিখোঁজ
রামু (কক্সবাজার) সংবাদদাতা\ রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের হেফজখানার ছাত্র দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ নুরুল আজিম (১৩) ঈদগাঁও চৌফলদন্ডী মাইজপাড়া মোহাম্মদীয়া হেফজখানার ছাত্র এবং রামু উপজেলার পশ্চিম কাউয়ারখোপ গ্রামের রিক্সাচালক মোস্তাক আহমদের ছেলে। জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সকালে নুরুল আজিম মাদ্রাসা থেকে বাড়ি আসার জন্য বের হয়ে আর বাড়ি ফেরেনি। নিখোঁজ মাদ্রাসা ছাত্র নুরুল আজিমের খোঁজ পেলে ০১৮৫৫২৩৯৯৪ মোবাইল নাম্বারে জানানোর অনুরোধ জানিয়েছে তার পিতা রিক্সাচালক মোস্তাক আহমদ।
সেনবাগে সৃজনশীল প্রশ্নপত্র বাতিলের দাবিতে মানববন্ধন
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ গণিতে সৃজনশীল প্রশ্নপত্র বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এ সময় ছাত্রছাত্রীরা গণিতে সৃজনশীল প্রশ্নপত্র বাতিলেন দাবি জানান। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সেনবাগ উপজেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয়সহ আরো কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
গণিতকে সৃজনশীল করার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি \ নবম শ্রেণিতে গণিত বিষয়কে সৃজনশীল পদ্ধতি করার প্রতিবাদে গাইবান্ধায় সরকারি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার শহরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এতে বক্তব্য রাখেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদ বক্সী রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মারুফা আকতার, তানিয়া ইয়াসমিন প্রমুখ।
জয়পুরহাটে কল্যাণ ট্রাস্টের চেক পেলেন ১১১জন শিক্ষক
জয়পুরহাট প্রতিনিধি \ বর্তমান সরকারের দিনবদলের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ও শিক্ষক-কর্মচারীদের উন্নয়ন করতে গত বৃহস্পতিবার জয়পুরহাট, বগুড়া, নাটোর ও নওগাঁ জেলার বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে সরকারের কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়। এসব অনুদানের চেক বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী।
নলছিটিতে স্কুলছাত্রসহ ৩ কিশোরকে কুপিয়ে জখম
নলছিটি(ঝালকাঠি) সংবাদদাতা \ নলছিটি উপজেলার আখরপাড়া বাজারে সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার দুই স্কুলছাত্রসহ তিন কিশোরকে কুপিয়ে জখম করেছে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে আখরপাড়া গ্রামের সরোয়ার খানের ছেলে রুবেল, তার চাচাতো ভাই শাহাদাত্ এবং একই গ্রামের ওয়াজেদ মাঝির ছেলে মিরাজ ও মারুফ সকাল ১০টার দিকে ওই বাজারের ব্যবসায়ীদের সামনে পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রিপন ও নাইম এবং বিকপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে বাবলুকে কুপিয়ে মারাত্মক জখম করে।
নীলফামারীতে বখাটের কারাদণ্ড
নীলফামারী প্রতিনিধি \ শ্লীলতাহানির অভিযোগে হেলাল নামের এক যুবককে ৯ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কিশামত ধাইজান গ্রামের অহেদুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম (২১) গত মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে একই গ্রামের আইয়ুব আলীর পুত্র হেলাল তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।
রামুতে শিখন স্কুল সভাপতিদের কর্মশালা
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ রামুতে শিখন স্কুল সভাপতিদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর ৫২টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিদের নিয়ে এ কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছালামতউল্লাহ। এতে বক্তব্য রাখেন ফিল্ড কো-অর্ডিনেটর এস.এম.লিয়াকত হোসেন, টিচার্স ট্রেইনার-কাম-সুপারভাইজার মো. হাশেমউদ্দিন, খলিলুর রহমান, লার্নিং ফ্যাসিলিটেটর মো. জুবাইদ প্রমুখ।
বাকৃবিতে সাংবাদিকতার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বাকৃবি প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের ১০ দিনব্যাপী সাংবাদিকতার মৌলিক বিষয় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিবের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক এম. মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা।
