তহবিল গঠনে বিল পাসে ওবামার আহবান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৪
বাজেটের তহবিল চালু রাখা নিয়ে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যদের অনড় অবস্থার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ১ অক্টোবর নতুন তহবিল গঠনে একটি সমাধানে আসার সময়সীমা শেষ হওয়ার আগেই সরকারের বিভিন্ন সংস্থা সম্ভাব্য সব ঘটনার জন্য তৈরি থাকার পরিকল্পনা নিচ্ছে।— খবর বিবিসির। সিনেট ১৫ নভেম্বর পর্যন্ত সরকারকে তহবিল যোগান দেয়ার জন্য একটি বিল পাস করেছে। কিন্তু প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা বারাক ওবামার স্বাস্থ্য বিলের একটি ধারা সংশোধন করতে বলছে। নইলে তারা এই বিলটি পাস করবে না বলে জানিয়েছে। সিনেটে বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যায় বেশি। যে কারণে বিলটি পাস হচ্ছে না। এদিকে শুক্রবার বারাক ওবামা রিপাবলিকান সদস্যদের বিলটি পাস করে বাজেটে ঋণসীমা বাড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন। সরকার বাজেট তহবিল গঠন করতে না পারলে প্রায় বিশ লাখেরও বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন দেয়া বন্ধ হয়ে যাবে। তাই সরকার ১ অক্টোবর সাময়িক বাহিনীর সদস্যদের কাজে যোগ দিতে বলেছে আর সরকারি কর্মচারীদের ওইদিন বাসায় থাকতে বলেছে।