লিওনেল মেসির আইনজীবী জানিয়েছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা ফুটবলারটি এবং তার পরিবার স্পেনের বিচার ব্যবস্থাকে সহযোগিতা করার ইচ্ছে পোষণ করেন। চলমান কর ফাকির মামলার ব্যাখ্যায় আদালতের সাথে প্রতিদ্বন্দ্বিতায় যাবেন না তারা। মেসির আইনজীবী ক্রিস্টোবাল মার্টেল গত শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে আদালতের বাইরে এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, ‘মেসি পরিবার তাকে স্বচ্ছতার সাথে বিষয়টি দেখতে এবং আদালতকে সহযোগিতার কথা বলেছেন।’ বার্সেলোনা নগরীর উপকণ্ঠে অবস্থিত গাবার আদালতের একজন বিচারক বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাটিকে মিনিট পনরো ধরে প্রশ্ন করেন। মেসির আগে তার বাবা হোর্হে হোরাসিও মেসি বিচারকের উত্তর দেন। পিতা পুত্র উভয়েই একই মামলায় আদালতে হাজির হন। স্পেনে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ব্যক্তিগত স্পন্সরশিপ থেকে ৪০ লাখের বেশি ইউরো আয় না দেখানোর অভিযোগে মেসি ও তার বাবাকে এই বিড়ম্বনায় পড়তে হয়েছে।
ফিফার চারবারের বর্ষসেরা এই ফুটবলার এদিন বাংলাদেশ সময় রাত তিনটায় আদালতে হাজির হন। তখন আদালতের বাইরে এক দল সমর্থক মেসির নাম ধরে মুহুর্মুহু শ্লোগান দেয়ার পাশাপাশি করতালিতে মুগ্ধ করেন তাকে। অবশ্য ওই জনতার মধ্যে এমন কেউ কেউও ছিল যারা তাকে ‘চোর’ বলেন। এটা ছিল খুবই ব্যতিক্রমী এক ঘটনা। কেননা বছরের পর বছর ধরে স্পানিশ ফুটবলের অবিসংবাদী সুপারস্টার তিনি। আদালত থেকে বেরিয়ে এসে মেসি অবশ্য কোন বক্তব্য দেননি। তিনি সমর্থকদের দেখে না দাঁড়ালেও তাদের অভিবাদন জানান। আর্জেন্টাইন অধিনায়কটি এর আগে কোন অন্যায় না করার কথা উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। আদালতে মেসির বাবা অবশ্য বলেছেন কোন ত্রুটি পাওয়া গেলে এটা হবে তার দোষেই। তার মতে তার ছেলে করফাকির কোন বিষয়ে অবগত নন। কেননা তার সমস্ত মনোযোগ নিবদ্ধ ফুটবল ক্যারিয়ার নিয়েই।
ফুটবল খেলে তিনি কত বেতন পান, সেটা প্রকাশ্য নয়। তবে বেতনের বাইরে ব্যক্তিগত স্পন্সরশিপ বাবদ তার আয়ের পরিমাণ বার্ষিক হিসেবে দুই কোটি ডলারের মতো। এ হিসেব ফোর্বস সাময়িকীর।
