রংপুরে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে বিদেশ গমনেচ্ছুদের নিবন্ধন। চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে নগর তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোগে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও নগর ভবন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো রংপুরের মুলাটোল কার্যালয়ে নিবন্ধন কার্যক্রম চলবে। শনিবার সেন্ট্রাল রোডের ক্ষত্রিয় সমিতির সামনে রংপুর সমন্বিত সমিতির কার্যালয়ে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর নুরুন নবী ফুলু ২৫নং ওয়ার্ডের তথ্য কেন্দ্র উদ্বোধনের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিশ্বের যেকোনো দেশে যেতে আগ্রহীদের জন্য এ নিবন্ধন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) এবং রংপুর সিটি করপোরেশন নগর তথ্য সেবা কেন্দ্র নিতে আগ্রহী ৬৬ জন উদ্যোক্তাকে ২১ মে ৬ দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ৬৬ জন উদ্যোক্তা এই নিবন্ধন কার্যক্রমে সরকারকে সহায়তা করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিবন্ধন কেন্দ্রে ২’শ ৫০ টাকার নারী-পুরুষ নিবন্ধন করতে পারবেন। এর মধ্যে সরকারি রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ১’শ ৫০ টাকা। ফরম পূরণে সহায়তা করার জন্য উদ্যোক্তারা পাবেন ১’শ টাকা। ১৮ থেকে ৪৫ বছর বয়সীরা নিবন্ধন করতে পারবেন। গৃহকর্মীর ক্ষেত্রে এ বয়স ২৫ থেকে ৪৫ বছর পর্যন্ত। যে কোন দেশের জন্য নিবন্ধন প্রযোজ্য হবে। তবে প্রার্থী তার পছন্দের তালিকায় সর্বাধিক ৭টি দেশের অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন।
