টেস্টে পারফর্ম করতে প্রতিজ্ঞাবদ্ধ গেইল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৩
সীমিত ওভারের ম্যাচে তার সামর্থ্যের কথা সবারই জানা। কিন্তু ৯৭ টেস্ট খেলা গেইল যে টেস্ট ব্যাটিংটাও ভাল পারেন সেটা আরেকবার দেখিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ ৩৪ বছর বয়সী ক্রিস গেইল। আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ দলের ভারত সফরে দু’টি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরকে সামনে রেখে গেইলের লক্ষ্য টেস্ট ক্রিকেটেও নিজের জাত চেনানো। দীর্ঘদেহী এই ক্রিকেটার জানিয়েছেন তিন ফরম্যাটের সবগুলোতেই ভাল করতে চান তিনি। গালফ নিউজের সঙ্গে এক সাক্ষাত্কারে গেইল জানান, ভক্তরা তার সামপ্রতিক ঝড়ো গতিটাকেই মনে রাখবে এবং অতীতের অবদান ভুলে যাবে। টেস্টে ৪২.৪৫ গড়ে ৬৮৩৬ রান করা এই ক্রিকেটার বলেন, ‘এটা আমার জন্য বড় কিছু নয়। আমি যেটাকে বড় মনে করি সেটা হলো - আমি যখন ক্রিকেট থেকে বিদায় নেব তখন যেন গর্ব করে বলতে পারি তিন ফরম্যাইে আমি ভক্তদের আনন্দ দিতে পেরেছি এবং আমি নিজেও উপভোগ করেছি। আমি বেশ কিছু বড় কীর্তি গড়েছি সেটা আমার কাউকে বলার প্রয়োজন নেই।’ আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান এবং এবং এই মুহূর্তে গেইলের একমাত্র নজর ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভাল করা। ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেই নিজের ২০০তম টেস্ট খেলার কৃতিত্ব গড়বেন বিধায় সিরিজটি ক্রিকেট আইকন ভারতের শচিন টেন্ডুলকারের জন্য বিশেষ কিছু। ১৩ বছরের ক্যারিয়ারে ৯৭ টেস্ট খেলা গেইল বলেন, সকল প্রকার প্রশংসা প্রাপ্য মাস্টার ব্যাটসম্যানের। গেইল বলেন, ‘২০০ টেস্ট খেলাটা একটা বিশাল অর্জন। আমি ৯৭ টেস্ট খেলেছি এবং আমি বলতে পারি টেস্ট খেলাটা শরীরের ওপর কি পরিমাণ চাপ সৃষ্টি করে। দীর্ঘ সময়ে টেন্ডুলকার অনেক বেশি রানও করেছেন অনেক বেশি। তার সবচেয়ে চমত্কার বিষয় হলো কাজ করার অসাধারণ নীতি। কার্যতই এটা মাস্টারক্লাস।’ টেস্ট সিরিজটির জন্য অনেকদিক থেকেই গুরুত্বপূর্ণ। বহুবার ভারত সফরে এলেও ২০০২ সালের পর দেশের হয়ে এটাই গেইলের প্রথম টেস্ট সিরিজ, ‘আমরা এই সিরিজটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং এটা মৌসুমের শুভ সূচনা এনে দেবে। আমরা ভাল একটা বিশ্রাম পেয়েছি এবং আমরা পুনর্গঠিত হওয়ার অপেক্ষায় আছি।’ গেইল আরো জানিয়েছেন, গত বছর দলে ফেরার পর থেকেই তিনি ভাল করছেন এবং তার বিশ্বাস নিজ মাটিতে ভারতের বিরুদ্ধে অপ্রত্যাশিত কিছু ঘটানোর ক্ষমতা তার দলের রয়েছে। একনাগারে ছয়টি টেস্ট জয়ের পর দলের সুখ স্মৃতিটাও ভাল বলে বিশ্বাস করেন গেইল। তরুণ খেলোয়াড়দের মেন্টর হিসাবে সিনিয়রদের কাজ করা উচিত- এমন ধারণার সঙ্গে দ্বিমত পোষণকারি গেইল বলেন, বরং নিজেদের মত করে কৌশল আয়ত্তে আনাটাই তরুণদের জন্য বেশি ভাল। কিছুদিন আগে শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রশংসা করে গেইল মন্তব্য করেন, ইন্ডিয়ান টি-টোয়েন্টি লিগের পর এটা ছিল সবচেয়ে গোছানো টুর্নামেন্ট, ‘কি আশা করতে হয় ওয়েস্ট ইন্ডিজের অনেক লোকই তা জানত না। তবে সব কিছুই খুব সুন্দরভাবে হয়েছে, দর্শকও ছিল চমত্কার। খেলার মানও ছিল উঁচুস্তরের।’ - বাসস