থ্রি পয়েন্ট ৫ জি চালু করল রবি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে ৩.৫জি চালু করলো মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। দেশে থ্রিজি লাইসেন্স প্রাপ্তদের বেসরকারি মোবাইল অপারেটরদের মধ্যে রবিই প্রথম এক সঙ্গে দেশের দু’টি প্রধান মহানগরে এই নেটওয়ার্ক চালু করলো। শনিবার রবির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে থ্রিজি সেবা উদ্বোধন করেন টেলিযোগাযোগমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন। আগামী অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে এই সেবা পাবেন গ্রাহকরা। তবে গ্রাহকরা চাইলে এখনই থ্রিজি সেবা উপভোগ করা যায় এমন হ্যান্ডসেট ও ট্যাবলেট নিয়ে ঢাকার গুলশান ও চট্টগ্রামের মুরাদপুর ওয়াক-ইন সেন্টারে রবি’র ৩.৫জি সেবা ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন। এদিকে আজ রবিবার থ্রিজি চালু করবে গ্রামীণফোন। উদ্বোধন অনুষ্ঠানে সাহারা খাতুন বলেন, থ্রিজির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে অপারেটরদের খুব দ্রুত কাজ করতে হবে। বিটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ থ্রিজি সেবা গ্রাহকদের হাতের নাগালে রাখার জন্য মোবাইল ফোন অপারেটরগুলোর কাছে আহ্বান জানান। রবির প্রধান নির্বাহী মাইকেল ক্যুনার বলেন, শুধুমাত্র ইন্টারনেটে উচ্চ গতিই নয়, আমাদের লক্ষ্য মানসম্মত সেবা নিশ্চিত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বকর, রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মাহতাব উদ্দিন আহমেদ, রবি’র চিফ মার্কেটিং অফিসার (সিএমও) প্রদীপ শ্রীবাস্তব, চিফ টেকনোলজি অফিসার একেএম মোরশেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট তালাত কামাল প্রমুখ। রবি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বছরের মধ্যেই ঢাকা, চট্টগ্রাম ছাড়াও কুমিল্লা ও সিলেটে এই সেবা চালু হবে।