দেশে প্রতি ২০ সেকেন্ডে একটি সাইবার অপরাধ সংঘটিত হয় এবং দেশের আইন-শৃঙ্খলা বাহিনী এই অপরাধের ৯৫ শতাংশ সনাক্ত করতে সক্ষম হয় বলে গতকাল অনুষ্ঠিত ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত সাইবার ক্রাইম বিষয়ক গোলটেবিল আলোচনায় বক্তারা জানান।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০০৪ সালে ই-মেইলের মাধ্যমে তত্কালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির মাধ্যমে মূলত এই সাইবার ক্রাইম আলোচনায় আসে। বর্তমান প্রধানমন্ত্রী ২০১০ সালের জানুয়ারি মাসে ৬৪টি জেলায় তথ্য বাতায়ন উদ্বোধনের পর প্রায় ১৯টি সাইট হ্যাক করে বিদেশি হ্যাকাররা। ইনসাইট বাংলাদেশ দেশে সাইবার অপরাধ ও সাইবার আইন নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়। ইতিমধ্যে তারা মোবাইল হেল্প ডেস্ক চালু করেছে। এই মোবাইল হেল্প ডেস্ক নম্বর (০১৭৬৬৬৭৮৮৮৮)-এর মাধ্যমে যে কেউ সাইবার অপরাধ বিষয়ে জানতে এবং বুঝতে সহায়তা পাবেন। আগামীতে তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব অপরাধ সংঘঠিত হয় সেসব বিষয়েও সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান। আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের এ বিষয়ে আরও সচেতন করার জন্য বক্তারা জোর দেন।
গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। বেসিসের সাথে যৌথ আয়োজিত এই অনুষ্ঠানে বেসিস সভাপতি শামীম আহসান ছাড়াও আরও উপস্থিত ছিলেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, সেক্রেটারি দেব দুলাল দত্ত, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আক্তার হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।
