খুলনায় সড়ক দুর্ঘটনায় আহত মাহিনও মারা গেছে

আপডেট : ১৮ মে ২০১৯, ১৩:৩৪

খুলনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাদরাসা শিক্ষার্থী মাহিন আলম (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার রাত আড়াইটার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে সে মারা যায়। এর আগে তার জমজ ভাই সাহিন আলম মারা যায়।

মাহিন আলমের প্রতিবেশী পলাশ হোসেন বলেন, শুক্রবার রাতে মাহিন আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুই ভাইয়ের মরদেহ শনিবার সকালে তাদের দৌলতপুরের বাসায় আনা হয়েছে।

আরও পড়ুন: পাথরঘাটায় ৫ মণ হরিণের মাংস জব্দ

মাহিনের বাবা খুলনা রেল পুলিশের এএসআই খুরশিদ আলম জানান, গুরুতর আহত মাহিনকে খুলনা মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে শুক্রবার রাতে সে মারা যায়।  এর আগে গত শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর আড়ংঘাটার তেলিগাতী বাইপাসের বরইতলা ঘাট এলাকায় প্রাইভেটকার এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ওমর ফারুক হৃদয় (২৪) ও সাহিন আলম (১০) নিহত হয়। নিহত সাহিন আলম ও মাহিন আলম জমজ ভাই। মটরসাইকেল চালক ওমর ফারুক তাদের প্রতিবেশী। নগরীর ফুলবাড়ীগেট তাহফিজুল সুন্নাহ হিফয্ মাদরাসার শাখার ৪র্থ শ্রেণির ছাত্র ছিল মাহিন আলম ও সাহিন আলম।

এদিকে, নিহতদের ভাড়া বাসা দৌলতপুর থানার আমতলা মোড়স্থ আঞ্জুমান রোড এলাকায় তাদের মরদেহ আনা হলে শোকের ছায়া নেমে আসে। জমজ দুই ছেলে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবা ও স্বজনরা।

ইত্তেফাক/এমআরএম