বড় জামালপুরের শাহী মসজিদ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর বাজারে এ শাহী মসজিদটি অবস্থিত। গাইবান্ধা জেলার প্রাচীন মসজিদগুলোর মধ্যে এটি অন্যতম। মুসলিম মোগল সাম্রাজ্যের পতনের পর ইংরেজ শাসন আমলে মসজিদটি প্রাকৃতিক দুর্যোগে মাটির নীচে চাপা পড়ে। ওই এলাকায় লোকবসতি না থাকায় বনজঙ্গলে আচ্ছন্ন হয়ে মসজিদটি ঢাকা পড়ে। গত ৬০ দশকের প্রথম দিকে গাইবান্ধার তত্কালীন মহকুমা প্রশাসক হক্কানী কুতুবউদ্দিন একদিন স্থানীয় লোকদের মুখে মসজিদটির কথা শোনেন। পরে স্থানীয় লোকদের সহযোগিতায় মসজিদটির অনুসন্ধান করেতে থাকেন। এসময় একদিন ঝড়ে ওই এলাকায় একটি বিশাল বটবৃক্ষ ভেঙ্গে পরে। স্থানীয় লোকজন ওই গাছের নীচে মসজিদটির সন্ধান পান। তখন মহকুমা প্রশাসক এটি সংস্কার করেন। এছাড়া জনশ্রুতি আছে ওই ঝড়ের দিন মসজিদের সামনে বিশাল আকারের একটি পুকুর দৃশ্যমান হয়। সেই থেকে মানুষ মসজিদ ও পুকুরটিকে গায়েবি হিসাবে অবহিত করে।