গাইবান্ধা বিসিকে নানা সমস্যা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫১
অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, বাজারজাত সমস্যা, কাঁচামালের দুষ্প্রাপ্যতা, প্রয়োজনীয় বিদ্যুত্ সরবরাহ ও গ্যাস সংযোগের সুযোগ না থাকা এবং মূলধনের অভাবসহ নানা সমস্যার কারণে গাইবান্ধা বিসিক শিল্প নগরী লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে গত ১৫ বছরেও গাইবান্ধা বিসিক শিল্প নগরীতে গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত শিল্প কারখানা। গাইবান্ধা বিসিক সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে গাইবান্ধায় বিসিকের কার্যক্রম শুরু হয়। ১৯৮৭ সালে বিসিক নগরীর জন্য গাইবান্ধা শহরের অদূরে ধানগড়া নামক স্থানে ১৫ একর জমি অধিগ্রহণ করা হয়। সেখানে ১৯৯৮ সালে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। ভূমি অধিগ্রহণ, মাটি ভরাট, অভ্যন্তরীণ রাস্তা, ড্রেন ও প্রশাসনিক ভবন নির্মাণ ও বিদ্যুত্ সংযোগসহ শিল্প নগরী স্থাপনে ব্যয় হয় প্রায় ২ কোটি ৯১ লাখ টাকা। বিসিক নগরীতে চার প্রকার শিল্প রয়েছে। এগুলো হচ্ছে- খাদ্য ও খাদ্যজাত, প্রকৌশল, কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল এবং বস্ত্রজাত। সূত্র জানায়, শিল্পনগরীতে মোট ৯৪টি প্লট রয়েছে। এ পর্যন্ত ৮৭টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। উদ্যোক্তার অভাবে ৭টি প্লট এখনও বরাদ্দ দেয়া যায়নি। তবে এ পর্যন্ত শিল্প কারখানা স্থাপিত হয়েছে মাত্র ৩৮টি। এরমধ্যে মাত্র ২৩টি শিল্প কারখানায় উত্পাদন করা হচ্ছে। ৭টি রুগ্ন শিল্পে পরিণত হয়ে উত্পাদন বন্ধ হয়েছে। তবে আরো ৪টি ইউনিট নতুন করে উত্পাদনে যাওয়ার অবস্থায় থাকলেও এখনও উত্পাদনে যেতে সক্ষম হয়নি।