শিল্পকলায় আজ পাপেট শো

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪১
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পাপেট থিয়েটার দলের পরিবেশনায় আজ সন্ধ্যা ৭টায় একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে একাডেমীর নিয়মিত পাপেট প্রদর্শনী আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, গত ১ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ‘ওয়াইয়াং ওয়ার্ল্ড পাপেট কার্নিভ্যাল ২০১৩’-এ বাংলাদেশসহ মোট ৪৬টি দেশের ৬৩টি দল অংশগ্রহণ করে। দেশের গান ও ভাষা শহীদদের প্রতি নিবেদিত গান দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের পরিবেশনা। এর পরে উঠে এসেছে বাংলার হাজার বছরের সংস্কৃতি কিষাণ-কিষাণির হালচাষ, ধান তোলা, কলসি কাঁখে গ্রাম্য বধূর বাড়ি ফেরা, বড়শিতে মাছ ধরা, নদীতে কুমিরের আক্রমণ, কাঠুরিয়া ও বাঘের লড়াই, বাউল শিল্পীর গান, বেদে ও সর্পনৃত্য, কুঁজো বুড়ি, ঝঞ্ঝা ও দুর্যোগ পেরিয়ে নৌকা চলার গল্পের মাধ্যমে অংশগ্রহণকারী সব দেশকে হারিয়ে বাংলাদেশের এই পুতুল নাট্যের দলটি বিশ্ব সেরা খেতাব অর্জন করে।