পঞ্চগড়ের চাঁন মিয়ার বয়স ১৩৫

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১০
জেলা সদরের চাঁনপাড়া গ্রামে একজন বয়স্ক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। নাম চাঁন মিয়া। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ ১ জানুয়ারি ১৮৭৯ খ্রিস্টাব্দ। সে হিসাব অনুসারে তার বর্তমান বয়স প্রায় ১৩৫ বছর। বাংলাদেশ এমনকি সম্ভবত সারা বিশ্বে তিনিই দীর্ঘজীবী মানুষ। একান্ত সাক্ষাত্কারে তিনি জানান, তার জন্ম জামালপুর জেলার এগারো সিন্ধু গ্রামে। পিতা আব্দুল মোতালেব ও মাতা মরিয়ম বিবি মারা গেছেন বহু আগে। অভাবের তাড়নায় ১১ বছর বয়সে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পিতা-মাতা ছেড়ে ছোট খালা জোবেদা বিবির সাথে তার স্বামীর নিবাস ভারতের আসাম প্রদেশের নোয়াগাঁ জেলার হয়বর থানাধীন খুদিকুটিয়া গ্রামে যান। সেখানে ২৩ বছর কাটিয়ে ১৯১৩ সালে নিজ জন্মভূমিতে ফিরে আসেন। কিন্তু নিকটজনদের জীবিত না পেয়ে মন উদাস হয়ে পড়ে। এ জন্য ১৪ দিন কাটিয়ে বিবাগী হয়ে বন-জঙ্গলে ভরা পঞ্চগড়ে এসে বসতি গড়েন। সেই থেকে আজ অবধি পঞ্চগড়েই আছেন। তিনি এখনো শক্ত সামর্থ্য মানুষ। পায়ে হেঁটে সর্বত্র চলাফেরা করেন। চোখের দৃষ্টিশক্তি সামান্য ক্ষীণ হয়ে এলেও শ্রবণশক্তি ও কথাবার্তায় কোন জড়তা নেই। স্ত্রী প্রায় ৪০ বছর পূর্বে মারা গেছেন। ৭ ছেলে ও এক কন্যার ঘরে ৩০ জনের মত নাতি-নাতনি। তাদের ঘরে পুতির পুতি নিয়ে সুখেই আছেন তিনি। দীর্ঘ জীবন লাভের রহস্য কি প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনও কিভাবে বেঁচে আছি তা একমাত্র আল্লাহতায়ালাই বলতে পারেন।