খোয়াই সেতু নির্মাণ ৮ বছরেও শেষ হয়নি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা-মুড়ারবন্দ সড়কের খোয়াই নদীর উপর ৩ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ দীর্ঘ ৮ বছরেও সম্পূর্ণ হয়নি। সেতুর উপরের ছাদ ও ভীম নির্মাণ হলেও স্লোপ ও র্যালিং নির্মাণ এখনো হয়নি। এছাড়া উভয় পাশের সংযোগ রক্ষার কাজও সমাপ্ত হয়নি। জানা যায়, ২০০৪ সালের শেষের দিকে সেতুর কাজ শুরু করা হয়ে মাত্র দু’টি সপ্যান নির্মাণ হওয়ার পর অজ্ঞাত কারণে সেতুর কাজ বন্ধ হয়ে যায়। ২০১০ সালের প্রথম দিকে ঢাকার মেসার্স আজাদ এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ১ কোটি ৫৫ লাখ টাকা দরপত্র গ্রহণ করে কাজ শুরু করে। ওই ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুর কাজ শেষ করলেও স্লোপিং ও র্যালিংয়ের কাজ এখনো শেষ হয়নি। উপজেলা এলজিইডির প্রকৌশলী কিরন চন্দ্র দেবনাথ বলেন, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে শ্রীকুটা-মুড়ারবন্দ সড়কে খোয়াই নদীর উপর সেতুটি নির্মিত হচ্ছে। কাজ শেষ হলেই সেতুটি উদ্বোধন করা হবে। সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, সেতুর কাজ সমাপ্ত হলে সাটিয়াজুরি, রানীগাও, চুনারুঘাট সদর, মিরাশী এবং উবাহাটা ইউনিয়নের জনসাধারণের যোগাযোগ ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন হবে। ফলে কৃষকরা তাদের উত্পাদিত ফসলেল ন্যায়মূল্য পাবে। ঠিকাদার আজাদ মিয়া বলেন, খোয়াই নদীতে বর্ষা মৌসুমে বেশি পানি থাকার কারণে সেতুর কাজ বন্ধ ছিল। কিছুদিনের মধ্যেই সেতুর কাজ শুরু করা হবে।