চাটমোহর ও সেনবাগসহ বিভিন্ন স্থানে ১০ জনের অপমৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
চাটমোহরে পানিতে ডুবে, রায়গঞ্জে বিদ্যুত্স্পৃষ্টসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১০ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। চাটমোহর (পাবনা) চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে গত শনিবার সকালে চিকনাই নদীতে ডুবে মোছাঃ রূপা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে পূর্বটিয়ারতলা গ্রামের মোঃ আব্দুল সালামের মেয়ে। সেনবাগ (নোয়াখালী) নোয়াখালীর সেনবাগ পৌর শহরে গতকাল রবিবার দুপুরে পুকুরে ডুবে জামাল ভুইয়ার মেয়ে তামান্না (২) নামে এক শিশুর মৃত্যু হয়। লোকজন শিশুকে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পৌর শহরের চারিদ্রোন এলাকার হাজী রমজান আলীর বাড়ি থেকে গতকাল রবিবার দুপুরে খোদেজা আক্তার সুমি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। সে আবদুল মান্নানের মেয়ে এবং উপজেলার কাবিলপুর ইউপির উত্তর শাহাপুর গ্রামের আবুধাবী প্রবাসী মহসিন হোসেন জীবনের স্ত্রী। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) রায়গঞ্জ উপজেলায় গতকাল রবিবার দুপুরে চান্দাইকোনা কবরস্থান মাদ্রাসায় তাফসিরুল কোরআনের জন্য মাইকের হর্ন বাঁধতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে সোহেল (১৯) নামে এক কলেজ ছাত্র মারা গেছে। সে সিরাজগঞ্জের শাহজাদপুর কলেজের প্রথমবর্ষের ছাত্র। সে চান্দাইকোনা হালদারপাড়া গ্রামের দরিদ্র দিনমজুর আশরাফ আলীর একমাত্র পুত্র। সে পড়াশুনার পাশাপাশি একটি মাইকের দোকানে ‘পার্ট-টাইম’ কাজ করতো। অভয়নগর (যশোর) অভয়নগর উপজেলার কোটা গ্রামে গত শনিবার গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সাতক্ষীরার আশাশুনিতে গত শনিবার দুপুরে বজ্রপাতে শাহামত মোল্লা (৩৫) নামে এক ঘের কর্মচারী নিহত হয়েছেন। সে উপজেলার ভোলানাথপুর গ্রামের মৃত শাহাবাজ মোল্লার ছেলে। বৃষ্টির সময় চিংড়ি ঘেরে বেড়িবাঁধ নির্মাণ করার সময় বজ্রপাতে সে ঘটনাস্থলে নিহত হন। চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামে গত শনিবার রাতে বিদ্যুত্স্প?ৃষ্টে ফরিদা বেগম (৩২) নামে এক গৃহবধূ নিহত ও মেয়ে তিন্নি (১০) আহত হয়েছে। তিন্নি টিভি দেখার জন্য বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে চিত্কার দেয়। মা ফরিদা বেগম মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে নিজেই ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় তিন্নিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) নবীনগর উপজেলার সলিমগঞ্জে গত শনিবার রাতে অপমান সইতে না পেরে আলমগীর হোসেন (২২) নামে একজন আত্মহত্যা করে। সে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার তালতলা গ্রামের আহমদ আলীর ছেলে। সে সলিমগঞ্জ বাজারে সৌর বিদ্যুত্ সরবরাহকারি প্রতিষ্ঠান ঠেংগামারা মহিলা সবুজ সংঘের ফিল্ড অর্গানাইজার। বিকাশ নম্বরে পঞ্চাশ হাজার টাকার ভুয়া মেসেজকে কেন্দ্র করে সে আত্মহত্যা করেছে। ভালুকা (ময়মনসিংহ) ভালুকা উপজেলার টুংরাপাড়া গ্রামে গতকাল রবিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে আব্দুল আলিম মৃধা (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সে দুলাল শেখের পুত্র। ভিজা লুঙ্গি বিদ্যুেতর জি.আই তারে শুকাতে দিলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পড়ে যান। ভালুকা স্তাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রসুলপুরে গত শনিবার সন্ধ্যায় দুই নৌকার সংঘর্ষে খাদিজা আক্তার নামে ৪র্থ শ্রেণির এক ছাত্রী নিহত এবং ৪ ছাত্রী আহত হয়েছে। জানা যায়, সরাইল আজবপুরের নিডস কিন্ডার গার্টেনের ৪৫ জন শিক্ষার্থী ও শিক্ষকরা পিকনিক থেকে ফেরার পথে ইট বোঝাই একটি নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের সরাইল হাসপাতালে চিকিত্সা ভর্তি করা হয়েছে।