দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কাউখালী (পিরোজপুর)
ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়ায় গতকাল রবিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম বাবু (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পিরোজপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ছাত্র সাতুরিয়া হাট এলাকার কাদের মাঝির ছেলে ও কাঠালিয়া স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেবীগঞ্জ (পঞ্চগড়)
দেবীগঞ্জ ভাউলাগঞ্জ সড়কে গত শনিবার রাতে ট্রাক্টর ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে গফফার নামে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহত গফফার মেখবাধা উচ্চ বিদ্যালয়ের কর্মচারী।
মিরপুর (কুষ্টিয়া)
কুষ্টিয়ার মিরপুরে গত শনিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে পলান ম্লল (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সে উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মৃত নাদের মন্ডলের ছেলে। মিরপুর পৌরবাজারের রেলওয়ে ব্রিজ পার হবার সময় মিরপুর থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার থোল্লার মোড়ে গত শনিবার রাতে সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়। নিহতরা হলেন অটোরিকশা চালক বাখরনগর গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে আইয়ুব আলী (৩৬) ও অজ্ঞাতনামা (৩২)। মিরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা আটক আটক করেছে। এ ব্যাপারে মুরাদনগর থানায় মামলা হয়েছে।
সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিউলী রানী সরকার (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুর দেড়টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজিরহাটে গত শনিবার দুপুরে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে শিউলী রাণী সরকার (২৫) একজন গৃহবধূর মৃত্যু হয়। সৈয়দপুর থেকে নীলফামারী আসার পথে কাজীরহাটে একটি বাই সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী শিউলি ও কন্যা শ্রদ্ধা রানী সরকার মোটর সাইকেল থেকে পড়ে যায়। এতে শিউলী গুরুতর আহত হন। নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
