প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রলীগ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা। দুপুর ১২টায় শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমাউল হক সরকার টিটু বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, আজ তিনি বিশ্ব নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।