বর্তমান সংকট থেকে উত্তোরণের লক্ষ্যে পার্লামেন্টে যাওয়ার কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেট্টা। তার জোট সরকারের অবস্থান সমুন্নত রাখতে এবং সমস্যা সমাধানের উপায় হিসেবে পার্লামেন্টই একমাত্র পথ বলে উল্লেখ করেন লেট্টা। গত রবিবার প্রেসিডেন্টের সাথে এক বৈঠকের পর তিনি এসব কথা বলেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বার্লোসকোনির দল পিপল অব ফ্রিডমের (পিডিএল) বিরুদ্ধে শোডাউনের অংশ হিসেবে তিনশ’ কোটি ইউরোর একটি প্যাকেজ বাজেটের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হওয়ার পর লেট্টা পার্লামেন্টে আস্থা ভোটের ঘোষণা দেন। এর ফলে শনিবার পিডিএলের পাঁচ মন্ত্রী একযোগে পদত্যাগ করেন। বুধবার পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী লেট্টার মধ্যবামপন্থি দল এবং বার্লোসকোনির দলের মধ্যে সম্পর্ক সর্বোচ্চ শীতল অবস্থায় পৌঁছেছে।
প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট নেপোলিতানে বলেন, পদত্যাগী মন্ত্রীদের উস্কানিমূলক কথাবার্তা সংকট উত্তোরণকে অনিশ্চিত করে ফেলেছে। তাই এ অবস্থা থেকে বের হয়ে আসতে বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা করার ওপর গুরুত্ত্বারোপ করেন তিনি। ওদিকে কোন নির্বাচন ছাড়াই একটির নতুন জোট সরকার গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট।
